২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক‌্যান্সার থেকে বাঁচতে সংকোচ ভুলে এগিয়ে আসার আহ্বান

সংকোচ ভুলে নারীর ক্যান্সার চিকিৎসায় পরিবারের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মহিলা ক্যান্সার সচেতনতা সোসাইটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 12:08 AM

Updated : 20 Aug 2022, 01:57 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ডা. নাহিদা খানম সিমু বলেন, ক্যান্সার নিরাময়যোগ্য রোগ নয়, প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই।

স্তন, ফুসফুস, বৃহদান্ত্র, জরায়ু ক্যান্সার নারীর জন্য প্রাণঘাতী। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল হলেও তারা সংকোচ, লজ্জা ও জড়তার কারণে শেষ পর্যায়ে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন।

প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত হলে তা থেকে নিরাময় অনেকাংশে সম্ভব উল্লেখ করে ডা. নাহিদা খানম বলেন, এসব কারণে ক্যান্সারে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে ‘সারভাইভাল’ রেট প্রায় ৯২ শতাংশ।

সংকোচ ভুলে নারীদের এ মরণব্যাধি প্রতিরোধে এগিয়ে আসতে পরিবারের পুরুষ ও নারী সদস্যদের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

নারীর বিভিন্ন ধরনের ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির জন্য সংগঠনটি কাজ করছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এজন্য আগামী ২১ অক্টোবর ‘গোলাপী মিছিল’ করবেন তারা।

এর মধ্যে নগরীর খুলশী এলাকায় বিকালে মানববন্ধন, সচেতনতাপত্র বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২১ অক্টোবর থেকে নগরীর ইউএসটিসি, নাসিরাবাদ মহিলা কলেজ, এশিয়ান ওমেন ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের ক্যান্সার বিষয়ক সচেতনতাপত্র বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে সোসাইটির উপদেষ্টা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিহা নাহার মুছা, রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সভাপতি ডা. শেখ শফিউল আজম, মো. কামাল উদ্দিন, জিন্নাহ চৌধুরী, সালেহ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।