চট্টগ্রাম পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের নব নির্মিত চারতলা এ ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান।
দেশব্যাপী ৩৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ভবনটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে সিনিয়র সচিব মোজাম্মেল হক খান বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুত সময়ের (২৪ নভেম্বর ২০১৫) মধ্যেই পাসপোর্ট প্রত্যাশী সব বাংলাদেশি নাগরিকের মাঝে এমআরপি পাসপোর্ট বিতরণ নিশ্চিত করতে পেরেছে।
“ইতোমধ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমে এক কোটিরও বেশি এমআরপি পাসপোর্ট এবং চার লক্ষাধিক এমআরভি (মেশিন রিডেবল ভিসা) করা হয়েছে, যা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস চেষ্টার ফসল।”
অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নব নির্মিত এই কার্যালয় থেকে নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, কর্ণফুলী, কোতোয়ালি, চকবাজার, বাকলিয়া থানার এবং দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বাসিন্দারা সেবা নেন।
ভবন উদ্বোধনীতে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজা, চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুর-এ-আলম মিনা ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পাঁচলাইশ এর উপ-পরিচালক শাহ মো. ওয়ালি উল্লাহ উপস্থিত ছিলেন।
