২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ‘দুর্গতিনাশিনীর’ বিদায়

বৈরী আবহাওয়ায় সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুপুর থেকে ঝড়ো হাওয়া; দুগর্তিনাশিনী মায়ের বিদায়ে বাধা হতে পারেনি এসবের কোনটিই।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

বিজয়া দশমীতে চট্টগ্রামের পতেঙ্গায় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আনন্দ-বেদনার মিশ্র অনুভূতিতে আগামী এক বছরের জন্য দেবী দূর্গাকে বিদায় জানিয়েছে ভক্তকূল।  

মঙ্গলবার সকালে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী শেষে আশির্বাদ প্রদান ও শান্তির জল ছিটানো হয় ভক্তদের মাঝে।

নগরীর রামকৃষ্ণ মিশন, জেএম সেন হল, দেওয়ানজি পুকুর পাড়, ঘাট ফরহাদ বেগ, চেরাগী পাহাড় মোড়, পাথরঘাটা, নালা পাড়া, টেরিবাজার, ফিরিঙ্গি বাজারসহ সব মণ্ডপে ছিল একই দৃশ্য।

মণ্ডপে মণ্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়; সকাল ৭টা থেকে শুরু হওয়া পুষ্পাঞ্জলী তাই কয়েক দফায় চলে প্রায় ৯টা পর্যন্ত। এরপর পুজার ঘট মন্দিরে প্রবেশ করানোর মধ্য দিয়ে শুরু হয় মাকে বিদায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি। দেবী দুর্গাকে তেল ও সিঁদুর পরিয়ে বিবাহিত নারীরা বিদায় জানায় এবারের মতো।

মণ্ডপে দেবীকে বিদায় জানানোর পর আবীর খেলায় মেতেছেন সব বয়সী নারী পুরুষ। এরপর দেবী দুর্গার প্রতিমা নিয়ে শতাধিক ট্রাক নগরীর বিভিন্ন প্রান্ত থেকে রওনা দেয় প্রতিমা বিসর্জনের জন্য পতেঙ্গার সমুদ্র সৈকতের দিকে।

নাচে-গানে প্রতিটি ট্রাকই রুপান্তরিত হয় একেকটি চলন্ত উৎসব মঞ্চে। এসব খণ্ড খণ্ড উৎসব গিয়ে মিশেছে পতেঙ্গায় বিসর্জনের অপেক্ষায় থাকা হাজারও জনতার মাঝে। শূন্য পড়ে থাকে প্রতিমা মঞ্চ, খালি মণ্ডপে হৈমন্তী শুক্লার কণ্ঠে বেজে চলা ‘তুমি চলে গেলে’ তখন যেন অন্য ব্যঞ্জনা নিয়ে হাজির হয় ভক্তদের মনে।

পতেঙ্গার সমুদ্র সৈকতেও ভক্তের চোখের জল আর প্রকৃতির কান্না হয়ে ঝড়ে পড়া বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে যায় যেন দুর্গতিনাশিনীর বিদায় বেলায়। 

প্রতিমা বিসর্জনের সময় প্রতিবারই পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঘিরে থাকে কঠোর নিরাপত্তা।

জানতে চাইলে পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের প্রায় দেড়শ সদস্য সৈকতে নিরাপত্তায় নিয়োজিত আছে।

এছাড়া র‌্যাব, আনসার ও সাদা পোশাকে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

তিনি বলেন, রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি সম্ভব হচ্ছে না। রাত ৯টা পর্যন্ত বিসর্জন চলতে পারে।

এবার নগরীর ২৩১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। ২৩১টি পূজা মণ্ডপের প্রায় অর্ধেকেরও বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে।

এছাড়াও নগরীর কাট্টলি সমুদ্র সৈকত, কর্ণফুলি নদীর অভয়মিত্র ঘাট ও পাড়া-মহল্লার পুকুর-দিঘীতে বাকি প্রতিমাগুলোর বিসর্জন দেওয়া হয়।