২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‍্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

আটক রবিউল হোসেন (২৬) কুমিল্লার লাকসাম উপজেলার শংকুর পাড় গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি নগরীর কদমতলী এলাকার হাজী মোনাফ সওদাগরের বাড়ি এলাকায় থাকেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি শর্ট গান এবং দুটি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা সোহেল বলেন, কদমতলী বাসস্ট্যান্ডের পাশে আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতর একদল অস্ত্র বিক্রেতা অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়।

“এসময় পালানোর চেষ্টা করলে রবিউলকে আটক করা হয়। পরে তার পিঠে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ওই শর্টগান ও গুলি পাওয়া যায়।”

গ্রেপ্তার রবিউল ও উদ্ধার করা অস্ত্র নগরীর সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।