২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ডিবির দুই সদস‌্য বরখাস্ত

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

সোমবার চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, “গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

দুই পুলিশ সদস্য কারা এবং তাদের অপরাধ বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, “পরে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তখন আপনাদের বিস্তারিত জানানো হবে। কিছুই গোপন করা হবে না।”

তবে নগর পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ অস্ত্র বিক্রেতাদের ধরতে অভিযানে থাকা র‌্যাব সদস‌্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় ওই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, গত ৬ অক্টোবর রাতে নগরীর নিউ মার্কেট এলাকায় ক্রেতা সেজে অস্ত্র কিনতে যায় র‌্যাব-৭ এর একটি দল।

“অস্ত্র বিক্রেতাদের সঙ্গে একটি পিস্তল ও গুলি কেনার জন্য দরদাম করে ক্রেতাবেশি র‌্যাব সদস্যরা। অস্ত্র বিক্রেতা তপন কান্তি দে ও দিদারকে গ্রেপ্তারের সময় সেখানে উপস্থিত হয় গোয়েন্দা পুলিশের এসআই উজ্জ্বল কান্তি দাস এবং এএসআই আনিসুর রহমান।”

“তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দুই অস্ত্র বিক্রেতাকে ছেড়ে দিতে বলে। এ নিয়ে র‌্যাব সদস্য ও দুই গোয়েন্দা পুলিশ সদস্যদের মধ্যে বাক-বিতণ্ডাও হয়।”

এরপর দুই ডিবি দুই কর্মকর্তা এবং অস্ত্র বিক্রেতাদের র‌্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে যাওয়ার খবর গণমাধ‌্যমেও এসেছিল। তবে জিজ্ঞাসাবাদের পর তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গণমাধ‌্যমে খবর এসেছে, র‌্যাব যে পিস্তল ও গুলি কিনতে গিয়েছিল, তা আসলে ওই দুই পুলিশ কর্মকর্তার। অস্ত্র বিক্রেতাদের দিয়ে আগ্রহী ক্রেতাকে আটকে কৌশলে অর্থ হাতিয়ে নিত তারা।

এ ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো মন্তব্য করতে রাজি নই।”

দুই গোয়েন্দা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের খবর জানানো হলে তিনি বলেন, “হতে পারে। কিন্তু আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।”