২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের প্রতিবাদে হাটহাজারীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও  সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 02:35 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

চৌধুরীহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এসময় বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

রোববার সকালে বাজারের অজিত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের সাড়ে ছয় লাখ টাকা ছিনতাই হয়। সে সময় ঘটনাস্থল থেকে জাহেদ নামের একজনকে আটক করে পুলিশে দেয় জনতা।

টাকা ছিনতাইয়ের ঘটনায় রোববার রাতে হাটাহাজারী থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন অজিত ট্রেডার্সের মালিক শিমুল তালুকদার।

মামলায় জাহেদ ছাড়াও রিদওয়ান, জাহেদ, নিজাম ও আবদুল্লাহ নামের তিনজনকে আসামি করা হয়েছে।

সমাবেশে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলী ফারুক চৌধুরী বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা দিনেদুপুরে টাকা ছিনিয়ে নেওয়ার মত ঘটনা ঘটিয়েছে।

“এ ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীদের অত্যাচারে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ঠ। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

সমিতির সাধারণ সম্পাদক মো. আলী ফারুক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালের ৬ জুন নিজ প্রতিষ্ঠানে খুন হয়েছিলেন অজিত ট্রেডার্সের মালিক অজিত তালুকদার।

“এখন আবার তার প্রতিষ্ঠানের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দ্রুত এর সুরাহা না হলে ব্যবসায়ীরা নিরাপত্তাহীন বোধ করবেন।”

সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক, উপদেষ্টা শফিউল আজম, দুর্গাপদ নাথ, বিশ্বনাথ চৌধুরী, হাসানুজ্জামান বাচ্চু, মো. রাশেদ, গাজী আখতার প্রমুখ।