সন্দ্বীপে ১৯ জলদস্যু গ্রেপ্তার
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের চরাঞ্চল থেকে অস্ত্র-গুলিসহ ১৯ জলদস্যুকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সন্দ্বীপের টেংগার চরে অভিযান চালিয়ে এসব জলদস্যুকে গ্রেপ্তার করা হয় বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “গোপন সংবাদের ভিত্তিতে আলাউদ্দিন বাহিনীর সদস্যদের আস্তানায় অভিযান চালানো হয়।”
অভিযানে ১৯ জলদস্যুকে গ্রেপ্তারের পর আস্তানা থেকে ছয়টি পাইপগান, দুটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ড জানায়।
