প্রশিক্ষণ শেষে ফিরেছে দুই যুদ্ধ জাহাজ
ভারত ও শ্রীলঙ্কায় ২১ দিনের প্রশিক্ষণ শেষে চট্টগ্রামে ফিরেছে নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’।
রোববার দুপুরে চট্টগ্রাম নৌ জেটিতে যুদ্ধ জাহাজ দুটিকে বরণ করে নেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম শাহিন ইকবাল।
গত ২১ সেপ্টেম্বর ৯৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা নিয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভিড়েছিল যুদ্ধজাহাজ দুটি।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণার্থীরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থানরত ভারতীয় যুদ্ধজাহাজ ‘কারমুখ’ পরিদর্শন করেন। পরে ভারতীয় নৌবাহিনীর আয়োজনে একটি বিশেষ মহড়ায় অংশ নেয় ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’।
আন্দামান ও নিকোবর থেকে রওনা হয়ে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দর পৌঁছে বাংলাদেশের যুদ্ধজাহাজ দুটি।
“এ সফর ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করেছে,” বলা হয় আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে।
