চট্টগ্রাম শাহীন কলেজে অতিরিক্ত ফি আদায় বন্ধের আদেশ স্থগিত
চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে অতিরিক্ত টিউশন ফি ও সেশন ফি আদায় বন্ধে হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
শাহীন কলেজের করা এক আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার এই আদেশ দেন।
বিষয়টি আগামী ৩০ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে ওই দিন পর্যন্ত হাই কোর্টের আদেশ স্থগিত রাখতে বলেছেন তিনি।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। হাই কোর্টে যাদের আবেদনে অতিরিক্ত টিউশন ফি আদায় বন্ধের আদেশ এসেছিল, তাদের পক্ষে চেম্বার আদালতের শুনানিতে ছিলেন সুব্রত চৌধুরী।
চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত হাতে ফি নেওয়ার অভিযোগ জানিয়ে তা বন্ধের জন্য গত সেপ্টেম্বরের শুরুতে হাই কোর্টে রিট আবেদন করেন পাঁচ অভিভাবক।
সেখানে বলা হয়, বাংলা ভার্সনে কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত টিউশন ফি ৯৮০ টাকা থেকে বাড়িয়ে ১৫৮০ টাকা করা হয়েছে, যাতে বৃদ্ধির হার ৬১ শতাংশ। সেশন ফি ২২০০ টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়, যাতে বৃদ্ধির হার ১২৫ শতাংশ। ইংরেজি মাধ্যমে টিউশন ফি ১৩২০ টাকা থেকে বাড়িয়ে ২১১৫ টাকা করা হয়েছে, যাতে বৃদ্ধির হার ৬০শতাংশ।
“সেশন ফি ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে, যাতে বৃদ্ধির হার ১৪০ শতাংশ। মাসিক টিউশন ফি দিতে দেরি হলে ১৫৪০ টাকা জরিমানা দিতে হয়। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এই অতিরিক্ত ফি কার্যকর করা হয়েছে।”
২০১৬ সালের ৯ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্র যুক্ত করে এই রিট আবেদন করা হয়। সেখানে বলা হয়েছে, বেতন বাড়াতে হলে অভিভাবকদের সাথে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে।
রিটকারী পক্ষের আইনজীবী সুব্রত চৌধুরীর ভাষ্য, এক্ষেত্রে অনেক বেশি হারে ফি বাড়ানো হয়েছে। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তা করা হয়নি। অভিভাবকদের সক্ষমতা বিবেচনা করা হয়নি।
ওই রিট আবেদনের প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ অতিরিক্ত ফি আদায় বন্ধের অন্তর্বর্তীকালীন ওই আদেশ দেয়।
সেইসঙ্গে অতিরিক্ত ফি আদায় কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না, অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অতিরিক্ত হারে আদায় করা অর্থ কেন ফেরতের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাই কোর্ট।
শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শাহীন কলেজ, শাহীন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিসহ ১৩ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
