চট্টগ্রামে ভেজাল গুঁড়ো দুধ জব্দের পর মালিকের কারাদণ্ড
চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ ভেজাল গুঁড়ো দুধ জব্দ করে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্ত মো. নাজিম উদ্দিন(৩৭) ওইসব ভেজাল গুঁড়ো দুধের মালিক; তাকে তিন মাসের কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম গৈড়লা গ্রামের ফজর আহম্মদের ছেলেনাজিম নগরীর সাগরিকা রোডের ফৌজদারহাট ভারি শিল্প এলাকার নূর ডেইরিং অ্যান্ড ফুড প্রসেসিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
আগে থেকে খবর পেয়ে মাঝিরঘাটের সিবু মিয়ার বিল্ডিংয়ের নিচতলায় ভাড়া করা গুদামে অভিযান চালানো হয়, যাতে বিএসটিআই ও গোয়েন্দা পুলিশের সদস্যরাও অংশ নেয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে মেয়াদবিহীন চার হাজার ৪০০ বস্তা গুঁড়ো দুধ জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত নিজাম উদ্দিন
উদ্ধার করা প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট এক লাখ দশ হাজার কেজি ভেজাল গুঁড়ো দুধ জব্দ করা হয়।
প্রত্যেক বস্তার গায়ে ইংরেজিতে মিল্কি কাউ, স্কিমড, মিল্ক পাউডার ২৫ কেজি নেট লেখা ছিল।
সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার বলেন, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে ভেজাল গুঁড়ো দুধের ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ভ্রাম্যমাণ আদালত জব্দ করা মেয়াদোত্তীর্ণ ভেজাল গুঁড়ো দুধ ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
