চট্টগ্রামে নিজঘরে নারীর ঝুলন্ত লাশ, স্বামী নিখোঁজ
চট্টগ্রাম নগরীতে নিজঘর থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুলি আক্তার (২৪) খুলশী থানার আমবাগান এলাকায় স্থানীয় তৌহিদুলের স্ত্রী।
শনিবার বেলা ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে খুলশী থানার এসআই জহির উদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টিনের ঘরের ভেতর সিলিংয়ের বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জুলির লাশ পাওয়া যায়। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে জুলির স্বামী তৌহিদুলকে পাওয়া যাচ্ছে না বলে জানান এসআই জহির।
“তৌহিদুল ময়লা-আর্বজনা অপসারণের কাজ করে। তাকে পেলে জুলির মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যাবে। আমরা তার খোঁজ করছি।”
