চট্টগ্রামে খাদিজার হামলাকারী বদরুলের শাস্তি দাবি
সিলেটে কলেজ ছাত্রী খাদিজার ওপর বর্বরোচিত হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম ছাত্র ও যুব ইউনিয়ন।
শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবির পাশাপাশি তনু, মিতু, আফসানা ও রিশার হত্যাকারীদেরও বিচার দাবি করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া বলেন, একের পর এক হত্যা-খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। নির্যাতনকারীদের আইনের আওতায় আনা হচ্ছে না।
“দীর্ঘদিন থেকে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তারই ধারাবাহিকতায় এমসি কলেজে হামলার শিকার হয়ে মেধাবী শিক্ষার্থী খাদিজাকে মৃত্যুর সাথে লড়তে হচ্ছে।”
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার বলেন, অপরাধীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় শাস্তির আওতার বাইরে থাকছে। অন্যদিকে চলছে আত্মকেন্দ্রিক ভোগবাদী সংস্কৃতির ব্যাপক প্রচার।
“এর ফলে নারীরা সর্বত্র নিপীড়নের শিকার হচ্ছে। নারীর প্রতি এই সহিংস মনোভাব বাস্তবে সমাজ মানসিকতারই একরকম বহিঃপ্রকাশ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।”
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন, রাশিদুল সামির, যুব ইউনিয়ন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নাবিলা তানজিনা ও সাংগঠনিক সম্পাদক জাবেদ চৌধুরী বক্তব্য রখেন।
