২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া এসপি গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের বিশেষ শাখার এসপি পরিচয় দিয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 06:44 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

গ্রেপ্তার গাজীরুল হক (৪৮) কুষ্টিয়ার কুমারখালী থানার পানটি গ্রামের মৃত মনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে।

তিনি নগরীর পোর্ট কলোনির দুই নম্বর সড়কের ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার রাতে হালিশহরের মইন্যাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মইন্যাপাড়ায় আসাদ নামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে গাজীরুল সেখানে যায়।

“আসাদের পরিবারের কাছে নিজেকে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসপি বলে পরিচয় দেয়। আসাদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে এবং ৫০ লাখ টাকা দিলে আসাদকে ছাড়ানোর ব্যবস্থা করবে বলে আশ্বাস দেয় গাজীরুল। প্রথম দিন চলে আসার পর বৃহস্পতিবার আবার আসাদের বাসায় যায় সে।”

স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এ খবর পেয়ে অভিযান চালিয়ে গাজীরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি প্রণব চৌধুরী বলেন, গাজীরুল আগে মুদি দোকানে পণ্য সরবরাহের ব্যবসা করতেন। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক অনটনে পড়েন।

গাজীরুলের স্ত্রী একটি এনজিওতে চাকরি করেন। তাদের এক সন্তান চতুর্থ শ্রেণিতে পড়ে।

“জীবনের প্রয়োজন মেটাতে সে প্রতারণার আশ্রয় নিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে,” বলেন ওসি।