২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের জন্য আলাদা ফাউন্ডেশনের দাবি

ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাতিল করে জাতীয় বাজেটে সংখ্যানুপাতিক অর্থ বরাদ্দের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আলাদা ফাউন্ডেশন গঠনের দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 09:50 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে দুর্গাপূজা উপলক্ষে ‘পূজা উদযাপন পরিষদ’ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে দুর্গাপূজায় চারদিনের সরকারি ছুটির পাশাপাশি জীবন জীবিকার সব স্তরে ধর্মীয় সংখ্যালঘুদের সমান নাগরিক অধিকার নিশ্চিতের দাবি জানান পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

একইসঙ্গে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ে অবস্থিত মেধস মুনীর আশ্রমকে জাতীয় তীর্থস্থান ঘোষণার দাবিও করা হয়।

অসীম দেব বলেন, “প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্কলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে চট্টগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে আশা করছি।”

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত জানান, চট্টগ্রামের ১৪ উপজেলায় এবার এক হাজার ৪৩৯টি প্রতিমাপূজা অনুষ্ঠিত হবে। এর বাইরে ২৫০টিতে পারিবারিকভাবে ঘটপূজা হবে।

এবারে রাউজান উপজেলায় সর্বোচ্চ ২২২টি মণ্ডপে এবং সন্দ্বীপ উপজেলায় ২২টিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এছাড়া প্রশাসনকে বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার পূজা মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানান শ্যামল কুমার পালিত।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, পরিমল কান্তি চৌধুরী, সাগর মিত্র ও  আইনজীবী চন্দন বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।