২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অদক্ষের হাতে হাল, নৌকা ডুবে নিখোঁজ দুই ছাত্রী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব জুঁইদণ্ডী এলাকায় শঙ্খ নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 12:11 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব জুঁইদণ্ডীর ঈশ্বর বাবুর হাটের ঘাট থেকে ছেড়ে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি মাঝ নদীতে ডুবে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

নৌকার মাঝি পারভেজ (২০) অদক্ষ ছিলেন বলে স্থানীয়দের ভাষ‌্য। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।

নিখোঁজ দুই কিশোরী হলেন- পূর্ব জুঁইদণ্ডী চরপাড়া গ্রামের মোস্তাক আহমদের মেয়ে হানিফা আক্তার রিপা এবং সিরাজুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া।

তারা শঙ্খ নদীর অপর পাড়ের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রাইছটা গ্রামে যাতা নুরাইন সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ওসি দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ১৯ জন আরোহী নিয়ে নৌকাটি আনোয়ারা থেকে নদী পার হয়ে বাঁশখালী যাচ্ছিল।

“মাঝ নদীতে নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটি পানিতে একবার ঘুরেই ডুবে যায়। অন্য মাঝি ও নদী তীরের মানুষজন নৌকা যাত্রীদের বাকিদের উদ্ধার করলেও দুই ছাত্রী নিখোঁজ আছে।”  

ওসি বলেন, ওই সময় নদীতে ভাটার টান ছিল। সন্ধ্যা পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা চেষ্টা করেও দু’জনের সন্ধান পায়নি।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে বলে জানান ওসি দুলাল।

নদীর দক্ষিণ পাড়ে বাঁশখালীর রাইছটা গ্রামের মাদ্রাসায় ক্লাস করতে নদীর উত্তর পাড়ের ঈশ্বর বাবুর ঘাট থেকে নৌকায় ওঠে শিক্ষার্থীরা।

ওসি দুলাল মাহমুদ বলেন, মাদ্রাসায় পরীক্ষা ছিল। তাই সবাই একটা নৌকাতেই উঠে পড়ে। মাঝিসহ মোট ১৯ জন ছিল। এদের মধ্যে তিনজন ছাত্র। বাকিরা ছাত্রী।

ডুবে যাওয়া নৌকার যাত্রী চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকা নদীর মাঝামাঝি যাওয়ার পর জালের খুঁটির সাথে লেগে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

“এরপর আর ইঞ্জিন চালু হয়নি। এরপর নৌকা উল্টে যায়।”

সাঁতার জানা আঁখি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এসময় নদীতে থাকা মাঝি ও দক্ষিণ পাড় থেকে নৌকা নিয়ে আসা লোকজন তাকেসহ অন্যদের উদ্ধার করে।

নিখোঁজ হানিফা আক্তারের ভাই জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকার মাঝি পারভেজ শহরে গার্মেন্টেসে চাকরি করেন। কখনও বাড়ি এলে নৌকা চালান।

“পারভেজের মামা লিয়াকত আলী মূল মাঝি। লিয়াকত না থাকায় পারভেজ আজ নৌকা চালাচ্ছিল। সে অত দক্ষ না।”

প্রত‌্যক্ষদর্শীরা বলেছে, জালের খুঁটির সঙ্গে লেগে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল।

“নৌকার মাঝি বলতে পারছে না কেন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা মামলা করে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে,” বলেন ওসি।

‘বোরকার কারণে সাঁতার কাটতে পারেনি’

ডুবে যাওয়া দুই ছাত্রী হানিফা আক্তার ও জান্নাতুল মাওয়া সাঁতার জানত বলেই দাবি পরিবারের। তারা বলছেন, বোরকা পড়ে থাকায় তারা সাঁতার কাটতে পারেনি।

তিন ভাই, তিন বোনের মধ্যে সবার ছোট হানিফা।

হানিফার ভাই জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে সাঁতার জানত। কিন্তু বোরকা ও হিজাব পরে থাকায় সে সাঁতার কাটতে পারেনি।

“নৌকায় থাকা যারা অল্প সময় সাঁতার কেটে ভেসে থাকতে পেরেছে, তাদের ওই পাড়ের মানুষরা উদ্ধার করেছে।”

নিখোঁজ জান্নাতুল মাওয়ার চাচা মো. ইলিয়াস বলেন, “মাওয়া সাঁতার কাটতে জানত। কিন্তু বোরকা থাকায় সে সাঁতার কাটতে পারেনি। তখন ভাটার টান ছিল। পানির স্রোত ছিল পশ্চিমমুখী। এ পাড় থেকে ছয়-সাতটা নৌকা নিয়ে গিয়েও তাকে পাইনি।”

মাওয়ার বাবা সিরাজুল ইসলাম আক্ষেপ করে বলেন, দুপুরে খাবার জন্য সঙ্গে ভাত নিয়ে মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল।