এসডিজি বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান
জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) মানুষ ও পৃথিবীর সমৃদ্ধি নিশ্চিত করার বৃহৎ পরিকল্পনা অভিহিত করে তা বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান এসেছে একটি সেমিনার থেকে।
বুধবার নগরীর জামালখানের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের অফিসার ইন-চার্জ মো. মনিরুজ্জামান।
মূল প্রবন্ধে তিনি বলেন, জাতিসংঘ প্রণীত এসডিজি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন- এ তিনটি প্রধান বৈশিষ্ট্যকে সমন্বয় করা হয়েছে।
“এসডিজি হচ্ছে মানুষ ও পৃথিবীর সমৃদ্ধি নিশ্চিত করার একটি বৃহৎ পরিকল্পনা, যা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করাসহ বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে ভূমিকা রাখবে। এসডিজি বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত।”
তিনি বলেন, সম্পদের টেকসই উৎপাদন ও ব্যবহার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধে উদ্যোগ, বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য পৃথিবীকে সব ধরনের ঝুঁকি থেকে রক্ষা করাই এসডিজির লক্ষ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিআইইউ’র উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, পৃথিবীর জন্য জাতিসংঘের কার্যকারী উপস্থিতি খুবই প্রয়োজন।
“আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য জাতিসংঘকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে সবাইকে। আরও বেশি সক্রিয় ভূমিকা দরকার রাষ্ট্র, সমাজ ও আন্তজার্তিক সংস্থাগুলোর।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাপানের অনারারি কনসাল জেনারেল মো. নুরুল ইসলাম, সিআইইউ’র ব্যবসায় অনুষদের ডিন ড. নুরুল আবসার নাহিদ, অনুষদ উপদেষ্টা ড. এম আইয়ুব ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ফিন্যান্স ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মনজুর কাদের উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিআইইউ’র ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী রশিদ এ চৌধুরী, সহকারী অধ্যাপক আবু সোহেল মাহমদু ও জাতিসংঘ তথ্যকেন্দ্রের কর্মকর্তা মমতাজ বেগম।
