২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের পাথরঘাটায় একটি স্কুলমাঠের দেয়ালচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 02:09 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

কোতোয়ালি থানার এসআই গোলাম ফারুক জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সেইন্ট প্লাসিডস হাই স্কুলের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বলুয়ার দীঘির পাড় এলাকার মোহাম্মদ মাসুদুল হক (৪২) এবং তার ছেলে লামাবাজার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র তৌসিফ নাহিদ (১৪)।

এসআই ফারুক বলেন, “স্কুল মাঠের সংস্কারের কাজে এস্কক‌্যাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছিল। যন্ত্রটির কম্পনে মাঠের পাশের দেয়াল ভেঙে পাশের রাস্তায় বাবা-ছেলের উপর পড়ে।”

গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।

সেইন্ট প্লাসিডস হাই স্কুল প্রাঙ্গণের বাইরে মূল সড়কের বিপরীত দিকে স্কুলের মালিকানাধীন মাঠ। ওই মাঠের পশ্চিম পাশের সীমানা দেয়ালটির ২০-২৫ ফুট অংশ ধসে পড়েছে।

ধসে পড়া দেয়ালের বিপরীত পাশে গলি লাগোয়া একটি নির্মাণাধীন ভবন ও একটি চারতলা ভবন। চারতলা ভবনটির নিচতলায় বান্ডেল মহল্লার মসজিদ। মূল সড়ক থেকে ওই গলিতে ঢোকার মুখে লোহার একটি ফটক রয়েছে।

স্থানীয় একজন জানান, স্কুল মাঠের ওই দেয়াল প্রায় ৭০ বছরের পুরনো। স্থানীয় বাসিন্দা ছাড়া অন‌্য কারও ওই গলিতে চলাচল করা নিষেধ। দুপুরে নামাজের জন‌্য লোকজন আসবে বলে গেইট খোলা হয়েছিল।

মাসুদুলের ভাই আবদুর রউফ চট্টগ্রাম মেডিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসুদ ভাইয়ের মেয়ে সেন্ট স্কলাস্টিকায় পড়ে। ভাবি মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল। আর মাসুদ ভাই ছেলেকে নিয়ে সেইন্ট প্লাসিডস স্কুলের মাঠের সামনের মূল সড়কে ভাবির ফেরার অপেক্ষায় ছিলেন।

“চিকিৎসার জন্য ভাবিকে নিয়ে তিন দিন পর ভারতে যাওয়ার কথা ছিল তার ভাইয়ের। স্কুল থেকে ভাবি ফিরলে তারা একসঙ্গে টিকেট করতে যাওয়ার কথা ছিল।”

ঘটনাস্থলে উপস্থিত পাথরঘাটা ফাঁড়ির এএসআই আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক্সক‌্যাভেটর দিয়ে কী করা হচ্ছে তা দেখতেই মাসুদুল তার ছেলেকে নিয়ে ওই গলিতে ঢুকেছিলেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে জানিয়েছেন।

অবশ‌্য বেলা দেড়টায় ওই মাঠে গিয়ে কোনো এক্সক‌্যাভেটর বা সংস্কার কাজে নিয়োজিত কাউকে সেখানে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সেইন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ রোজারিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। আমরা খুবই মর্মাহত ও দুঃখিত।”

এক সপ্তাহ আগে স্কুল মাঠের সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।