হাটহাজারীতে আনসার সদস্যদের গুলিতে যুবক নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আনসার সদস্যদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
নিহত আলী আকবর (২২) উপজেলার বড় দীঘির পাড় এলাকার কোরবান আলী সওদাগরের ছেলে। ওই এলাকায় একটি মুদি দোকান চালাতেন তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বড়দীঘির পাড়ের সেকান্দার কলোনি বস্তিতে ওই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই কলোনির লোকজন রাতের বেলা তাস খেলার সময় আনসার সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরপর লোকজন জড়ো হয়ে ক্যাম্পের দিকে আসছে দেখে আনসার সদস্যরা গুলি করলে এ ঘটনা ঘটে।”
তবে নিহতের বাবা কোরবান আলী বলছেন, কলোনির বস্তি থেকে মোবাইল চুরির অভিযোগে দুই যুবককে ধরে নেওয়ার পর তার প্রতিবাদ করতে গেলে জনতার ওপর ওই গুলি চালায় আনসার সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতের বেলা আনসার ক্যাম্প থেকে মোবাইল চুরির অভিযোগে স্থানীয় বস্তি থেকে দুই যুবককে ধরে নিয়ে নেয় আনসার সদস্যরা। এর প্রতিবাদ করতে স্থানীয় লোকজন জড়ো হয়ে ক্যাম্পের দিকে গেলে আনসার সদস্যরা গুলি করে।
এসময় আকবর ওই এলাকায় তাদের মালিকানাধীন মুদির দোকানের সামনে দাঁড়িয়ে ছিল দাবি করে কোরবান বলেন, “আনসার সদস্যদের ছোড়া গুলি আমার ছেলের বুকে লাগে।”
এরপর রাত সাড়ে ১০টার দিকে আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান হাটহাজারীর ওসি।
