জমির নামজারি করতে নেওয়া ঘুষ অভিযোগের পর ফেরত
জমির নামজারি করার বিনিময়ে নেওয়া ১২ হাজার টাকা ঘুষ ভুক্তভোগীর অভিযোগের পর ফেরত দিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড সদর ভূমি অফিসের এক কর্মচারী।
সোমবার দুপুরে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গণশুনানির সময় ঘুষ নিয়েও কাজ না করার অভিযোগ করেন স্থানীয় নিজামুল ইসলামের ছেলে জাবেদ ইকবাল।
ভূমি অফিসের অফিস সহায়ক কর্মচারী মোহাম্মদ রফিক উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে জাবেদ ইকবাল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণশুনানির সময় জাবেদ ইকবাল জানান উত্তর টেরিয়াইলে তাদের ৮৪ শতক জমির নামজারির খতিয়ান করে দেওয়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবি করে রফিক উদ্দিন।
“তার দাবি মত গত ৬ জুন অগ্রিম ১২ হাজার টাকা ঘুষ দেয় জাবেদ ইকবাল। কিন্তু এরপর চার মাস পেরিয়ে গেলেও নামজারির খতিয়ান পাননি তিনি।”
রুহুল আমিন বলেন, সরকারি নিয়মানুসারে ৪৫ দিনের মধ্যে নামজারি খতিয়ান করা হয়। অভিযোগ পেয়ে রফিক উদ্দিনকে ডেকে জানতে চাইলে ঘুষ নেয়ার বিষয়টি তিনি স্বীকার করেন এবং ১২ হাজার টাকা ফেরত দেন।
“এ বিষয়ে জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হবে। তারপর তার নির্দেশ অনুসারে রফিক উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে গণশুনানিতে অভিযোগকারী জাবেদ ইকবাল ঘুষগ্রহণকারী রফিক উদ্দিনের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দিতে রাজি হননি বলে জানান সহকারী কমিশনার রুহুল আমিন।
