সাদ মুসা গ্রুপের এমডিকে গ্রেপ্তারে পরোয়ানা
যুক্তরাষ্ট্রে কেনা জমির তথ্য গোপনে অভিযোগে মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শিল্প গোষ্ঠী সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে।
মঙ্গলবার চট্টগ্রামের মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূরের আদালতে এ মামলা করেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর সার্কেল-২৩ (কোম্পানিজ) এর উপ-কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ।
মামলার আসামি সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীন (৫৭)।
মামলায় তার বিরুদ্ধে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করা এবং সম্পদের তথ্য গোপন করে রিটার্ন দাখিলের অভিযোগও আনা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মামলা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন।”
উপ-কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আয়কর অধ্যাদেশের তিনটি ধারা লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে।
এজাহারে বলা হয়, ২০১৩-১৪ করবর্ষে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করায় আয়কর অধ্যাদেশের ১৬৪ ধারা, মার্কিন যুক্তরাষ্ট্রে কেনা জমির তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখ না করায় ১৬৫ ধারা এবং সম্পদ গোপন করে রির্টান দাখিল অধ্যাদেশের ১৬৬ ধারার লঙ্ঘন।
মামলার আগে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৬৯ ধারা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনও নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থাপনাসহ ওই অকৃষি জমি পাঁচ কোটি ২২ লাখ ৯২ হাজার টাকা মূল্যে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর কিনেছেন মোহাম্মদ মহসীন।
২৮৭৫, স্যাম্পসন এভিনিউ, করোনা, ক্যালিফোর্নিয়া- এই ঠিকানার সম্পত্তিটি গ্যাল্টমোর ফোরজি এলএলসি, নিউ মেক্সিকো লিমিটেড লায়াবিলিটি কোম্পানির হাতে হস্তান্তর করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম নামের একজন কর্তৃত্ব বর্হিভূতভাবে ২০১৪ সালে ওই জমি হস্তান্তর করেন বলে ক্যালিফোর্নিয়া রিভারাসাইড সুপিরিয়র কোর্টে অভিযোগ করেন মোহাম্মদ মহসীন।
সাইফুল ওই সময় সাদ মুসা গ্রুপের পক্ষে আমেরিকায় তাদের ব্যবসার দেখাশোনা করতেন। ক্যালিফোর্নিয়া রিভারাসাইড সুপিরিয়র কোর্টে করা অভিযোগেও মোহাম্মদ মহসীন ওই জমির মালিকানা তার একক বলে উল্লেখ করেছেন।
পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ওই জমি ক্রয়ে মানি লন্ডারিং হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।
“আমেরিকার আদালতে বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রের দাবি উত্থাপন করেছে এবং এ সংক্রান্ত সব আর্থিক লেনদেন বন্ধ রাখতে আবেদন করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে,” বলেন তিনি।
