প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য দরকার: মইনুল
রাষ্ট্রক্ষমতায় প্রধানমন্ত্রীর এককাধিপত্যকে গণতন্ত্রের জন্য বাধা হিসেবে দেখছেন অর্থনীতির প্রবীণ অধ্যাপক মইনুল ইসলাম।
রোববার চট্টগ্রামে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের তিনটি মূল অঙ্গ সংসদ, নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। বর্তমানে সাংবিধানিকভাবে সরকারের অন্য দুটো অঙ্গের উপর নির্বাহী বিভাগের আধিপত্য বিস্তারের ব্যবস্থা করা হয়েছে।
“রুলস অব বিজনেসে প্রধানমন্ত্রীকে যে ঢালাও ক্ষমতা দেওয়া হয়েছে তা অন্যান্য গণতান্ত্রিক দেশের তুলনীয় পর্যায়ে নিয়ে আসা দরকার।”
সংবিধান সংশোধন করে এই ভারসাম্যহীনতা দূর করা না গেলে ‘নির্বাচিত প্রধানমন্ত্রীর একনায়কত্ব’ থেকে জাতির পরিত্রাণ মিলবে না বলেও মন্তব্য করেন মইনুল।
চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ‘‘বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রিভবন ও গণতন্ত্রের সংকট: উন্নয়ন সম্ভাবনার প্রেক্ষাপট’ শীর্ষক অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা দেন অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মইনুল।
চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক আজাদী’র সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন ১৯৭০ সালে নির্বাচিত গণপরিষদ সদস্য এবং স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য।
মইনুল বলেন, “গণতান্ত্রিক সংবিধানের নামে নির্বাচিত একনায়কতন্ত্র কায়েমের সাংবিধানিক আয়োজন যতদিন জাতি বদলাতে পারবে না ততদিন শান্তিপূর্ণভাবে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের টেকসই ব্যবস্থা আমরা অর্জন করতে পারব না।
“ততদিন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে গেড়ে বসা পুঁজি লুণ্ঠন, পরিবারতন্ত্র ও আত্মীয়তন্ত্রের নাগপাশ থেকেও দেশের রাজনীতির মুক্তি মিলবে না।”
১৯৯১ সালে খালেদা জিয়ার শাসনকালে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারে ফিরলেও ‘রুলস অব বিজনেস’ পরিবর্তন করে অনেক ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল।
এতে সাংবিধানিকভাবে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী একনায়কের মতোই ক্ষমতাবান হয়ে গেছেন বলে মন্তব্য করেন অধ্যাপক মইনুল।
“সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানে অসীম শক্তি যোগ হওয়ায় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের কারও সাহস নেই প্রধান দুই দলের নেত্রীর বিরোধিতা করার।”
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন মহাজোট সরকারকে সাংবিধানিক বৈধতা দিলেও ‘জনবৈধতা’ দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক বক্তৃতায় আলোচনা করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বক্তব্য রাখেন ক্লাবের সাধঅরণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।
