ভিডিও দেখে উচ্ছেদে নামছেন চট্টগ্রামের মেয়র
চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ভিডিও জরিপ করা হয়েছে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, তা দেখে সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
রোববার নগর ভবনে সিভিল সোসাইটি কো-অর্ডিনেশন কমিটির পঞ্চম সভায় এ কথা বলেন মেয়র।
নাছির বলেন, নগরীর সৌন্দর্য, যানজট নিরসন ও জনসাধারণের চলাচলের স্বার্থে সড়কগুলো অবৈধ দখল থেকে উদ্ধার করা হবে।
“নগরীর ৪১টি ওয়ার্ডকে ভিডিও করে জরিপ করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ দেখে দেখে অবৈধ স্থাপনা অপসরাণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
অবৈধ স্থাপনা উচ্ছেদে হকাররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সিসিসির পরিকল্পনা আছে বলে সভায় জানান নাছির।
হকারদের ফুটপাতে বসতে সন্ধ্যার পর নির্দিষ্ট একটি সময় দেওয়ার কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে জাইকার তাদের অর্থায়নের আওতায় সিসিসি-কে অন্তর্ভুক্ত করেছে জানিয়ে মেয়র বলেন, সিসিসি’র অবকাঠামোগত উন্নয়নের পুরোটাই জাইকার। এখানে সিসিসির কোনো বিনিয়োগ নাই।
২০১৫-২০১৬ অর্থবছরে প্রথম ধাপে জাইকা ১৮৭ কোটি টাকা ও দ্বিতীয় ধাপে ৫৮৭ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গৃহীত হয়েছে।
আগামী তিন বছরে নগরীর ৪১ ওয়ার্ডের সব সড়ক, রাস্তা ও বাই লেইন কার্পেটিং করা হবে বলেও জানান মেয়র।
এছাড়াও নগরীর সবগুলো খাল ও নালার মাটি অপসারণ, শহরকে এলইডি ও সোলারের আওতায় আনা, ফুটপাত, মিড-আইল্যান্ড ও গোলচত্বরের সৌন্দর্যবর্ধনসহ যানজট নিরসন কল্পে ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে বলে সভায় জানানো হয়।
নগরীর যানজট নিরসন, সবুজায়ন, ভারি যানবাহন চলাচলে ট্রাফিক আইন মানতে বাধ্য করাসহ মেয়রকে একগুচ্ছ প্রস্তাব দেন ১০৩ সদস্যের সিভিল কো-অর্ডিনেশন কমিটি।
শিক্ষার আলোয় আলোকিত নাগরিক গড়ে তুলতে বছরে ৪২ কোটি টাকার ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানান নাছির।
নগর উন্নয়নের এসব কাজ যাতে অব্যাহত থাকে সেজন্য নগরবাসীকে নিয়মিত কর পরিশোধের আহবান জানান তিনি।
সিসিসি’র ‘ডোর টু ডোর’ আবর্জনা সংগ্রহের প্রকল্পটি চালু হলে নগরীর পরিবেশ উন্নত হবে বলে আশাবাদ মেয়রের।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিসি’র ভারপ্রাপ্ত সচিব আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈন উদ্দিন আহমদ পিন্টু, বিএমএম চট্টগ্রাম চ্যাপ্টারের যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস প্রমুখ।
