চট্টগ্রামে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নকল বৈদ্যুতিক তার তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
রোববার রিয়াজউদ্দিন বাজারের রহমতুন্নেছা রোড আল্লাহর দান মার্কেটের দ্বিতীয় তলায় পুলিশ ওই কারখানার সন্ধান পায়।
পুলিশ জানিয়েছে, অভিযানে কারখানার কাউকে আটক করতে না পারলেও বেশ কিছু বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ উপস্থিত সাংবাদিকদের বলেন, এ কারখানায় তৈরি তার দেশের চারটি পরিচিত ব্র্যান্ডের লোগো, সিল ও স্টিকার লাগিয়ে বাজারজাত করে আসছিল অসাধু চক্রটি।
গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, “কারখানার দরজা আর জানালা বন্ধ থাকায় ভেঙে ভেতরে ঢুকি আমরা। আমাদের অনুমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে সটকে পড়েছে কারখানার লোকজন।”
পরিতোষ জানান, এই ধরনের আরও কয়েকটি গুদামের সন্ধান পেয়েছেন তারা, অচিরেই সেগুলোতে অভিযান চালাবেন তারা।
জব্দ তারের পরিমাণ ও বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ভেজাল বৈদ্যুতিক তার ব্যবহারের কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা পরিতোষ।
সরেজমিনে দেখা যায়, রিয়াজউদ্দিন বাজারের কাঁচাবাজারে রহমতুন্নেছা রোডের ডানপাশের গলির শুরুর দিকে ‘আল্লাহর দান’ মার্কেট। ওই মার্কেটের দ্বিতীয় তলার ছাদের ঘরে এ কারখানা।
কারখানার পাশের ঘরের ভাড়াটিয়া আবদুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কারখানাটি দেখছি অনেকদিন ধরে।
“কখনও দরজা-জানালা খোলা দেখিনি। তবে ভেতরে লোকজনের আনাগোনা নিয়মিত টের পাওয়া যেত।”
