এসএসসি সৃজনশীলে সাত প্রশ্ন: চট্টগ্রামে ফের প্রতিবাদ
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ছয়টির পরিবর্তে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে নগরীর ষোলশহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে প্রায় হাজার খানেক শিক্ষার্থী অংশ নেয়। বৃহস্পতিবার নগরীর জিইসি মোড়ে সাধারণ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের ‘লাঠিপেটার’ জন্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে প্রতিবাদ জানানো হয়।
শিক্ষাবোর্ডের সামনে ফুল ও খাতা-কলম হাতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে এসে সংহতি জানায় নগর ছাত্রলীগ।
চট্টগ্রাম কলেজ, কলেজিয়েট স্কুল, নাছিরাবাদ বয়েজ স্কুল, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, কদম মোবারক উচ্চ বিদ্যালয়, হাজেরা তজু ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শনিবারের কর্মসূচিতে অংশ নেয়।
সমাবেশ চলাকালে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘মানি না, মানব না/ সাতটি সৃজনশীল লিখব না’, ‘আমরা মানুষ, রোবট না/ সাতটি সৃজনশীল লিখব না’, ‘নিত্য নতুন পদ্ধতি করে আমাদের ক্ষতি করবেন না’ শ্লোগান লেখা ছিল।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টও শনিবারের কর্মসূচিতে সংহতি জানায়।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি ও রুমেল বড়ুয়া রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন এবং সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিকসহ অন্যরা।
এদিকে বৃহস্পতিবার শিক্ষার্থীদের ওপর লাঠিপেটার ঘটনার প্রতিবাদ জানিয়েছে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়ে এ সমস্যার সমাধানে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এক বিবৃতিতে।
