ফায়ার সার্ভিসের ফটকে বাসের ধাক্কা, আহত ৭
চট্টগ্রামের আগ্রাবাদে শ্রমিক বহনকারী একটি বাস ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফটকে ধাক্কা খাওয়ার পর বাসের ভেতরে থাকা সাত শ্রমিক আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ কুমার সিংহ জানিয়েছেন।
আহতরা হলেন- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) প্যাসিফিক জিন্সের কর্মী ঝর্ণা দাশ (৪০), নিলীমা বড়ুয়া (৩৬), আঁখি দাশ (৩০), ঋতুপর্ণা সেন (১৮), জবা মজুমদার (৩৫), তসলিমা আক্তার (৩৫) ও সুমি আক্তার (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রহ্লাদ বলেন, প্যাসিফিক জিন্সের শ্রমিক বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনের দক্ষিণ পাশের মূল ফটকে আঘাত করে সেখানেই আটকে যায়। এ সময় ধোঁয়া বের হলেও বাসটিতে আগুন ধরেনি।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি গাড়ি নিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে এবং ধোঁয়া নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
