২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণায় চট্টগ্রামে আনন্দোৎসব

মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণা করায় চট্টগ্রামে আন্তঃধর্মীয় প্রার্থনা ও আনন্দোৎসব করেছে চট্টগ্রাম ধর্মপ্রদেশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2016, 09:11 PM

Updated : 11 Oct 2022, 08:47 PM

শুক্রবার বিকালে নগরীর জামালখানে ক্যাথলিক চার্চ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম ডায়োসিসের (ধর্ম প্রদেশ) আয়োজনে অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক কমিশন।

বিকাল সাড়ে ৫টায় নগরীর সেন্ট স্কলাস্টিকাস স্কুলের পরিবেশনায় ‘আনন্দ বারতা নৃত্যে’র মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত ভাষণে চট্টগ্রাম ডায়োসিসের বিশপ মজেস কস্তা বলেন, মাদার তেরেসা জীবিতকালেই সাধ্বী হিসেবে অনেকের শ্রদ্ধাভাজন ছিলেন। কারণ তার জীবন ছিল অতীব পবিত্র, তার সেবা কাজ ছিল অসাধারণ ও পূর্ণভাবে নিঃস্বার্থ।

“মাদার তেরেসা যে পথ আমাদের দেখিয়ে গেছেন তা মানব জাতির জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম বলেন, মাদার তেরেসা আমাদের সামনে না থাকলেও তিনি রয়েছেন সকলের অন্তরে। তার প্রতিষ্ঠিত আশ্রয় কেন্দ্রে অনাথ ও অসহায় শিশুর লালিত হয় মাদারের নিজের সন্তানের মত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. তপন কুমার দাস, মাদার তেরেসা সম্প্রদায়ের সিস্টার আগ্নেস এবং চট্টগ্রামে ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার গর্ডন ডায়েস।

অনুষ্ঠানে পাহাড়তলিতে মাদার তেরেসা সম্প্রদায়ের পরিচালিত সেবাকেন্দ্রের ছয়জন সিস্টার ও ১০ জন রোগীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে মাদার তেরেসার জীবনী ও কর্ম বিষয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। পরিবেশন করা হয় প্রার্থনা সঙ্গীত।

বিশ্ব শান্তির জন্য প্রার্থনা এবং কৃতজ্ঞতা নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।