২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মা-মেয়েকে এসিড ‘নিক্ষেপকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় এক তরুণী ও তার মাকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় ওই তরুণীর সাবেক স্বামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার ঢাকার রূপনগর এলাকা থেকে জানে আলম ওরফে জাহাঙ্গীরকে (৩০) গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহম্মদ।

জাহাঙ্গীরের বাড়ি রংপুরে জানিয়ে পুলিশ পরিদর্শক নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একটি দল সেখানে যায়। তবে সে বাড়িতে ছিল না। তার পরিবারের সদস্যদের কাছ থেকে কৌশলে আমরা তার অবস্থানের তথ্য আদায় করি।”

“ঢাকার রূপনগরে মিল্ক ভিটা কারখানার সংলগ্ন এলাকার একটি টেইলারিং শপে জাহাঙ্গীরের বড় ভাই কাজ করেন। ওই বড় ভাইয়ের কাছেই লুকিয়ে ছিল জাহাঙ্গীর। স্থানীয় থানার সহযোগিতায় আমাদের একটি দল তাকে গ্রেপ্তার করে।”

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরকে নিয়ে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।

গত সোমবার ভোরে নগরীর পলোগ্রাউন্ড মাঠের বিপরীতে একটি বস্তিতে শেলী আক্তার (২২) ও তার মা হোসনে আরা বেগমকে (৫৫) এসিডে ঝলসে দেয় শেলীর সাবেক স্বামী জাহাঙ্গীর।

অটোরিকশার চালক জাহাঙ্গীরের সাথে বিয়ের পর বছর খানেক আগে শেলীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়।

শেলী পলোগ্রাউন্ড মাঠের বিপরীতে একটি টং দোকানে চা বিক্রি করতেন। দোকানের পেছনে বস্তির একটি কাঁচা ঘরে মাকে নিয়ে থাকতেন তিনি। সোমবার ভোরে জাহাঙ্গীর বাসার বাইরে থেকে এসিড ছুঁড়ে মারলে শেলী ও তার মা দগ্ধ হয়।

ঘটনার দিন পুলিশ কর্মকতা নূর আহম্মদ জানান, “অটোরিকশা নিয়ে এসে জাহাঙ্গীর এসিড ছুঁড়ে পালিয়ে যায়। তার অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে।”

এসিড দগ্ধ মা-মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

পুরনো খবর:

চট্টগ্রামে এসিডে ঝলসেছে তরুণী ও তার মা