২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইসলামী ছাত্রী সংস্থার ৫ কর্মী আটক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে উগ্রপন্থার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ তরুণীকে আটক করা হয়েছে, যারা জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কর্মী বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2016, 07:09 PM

Updated : 11 Oct 2022, 08:46 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার পেতন শাহ দরগাহ সড়কের একটি বাড়ি থেকে আটকের পর সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের নাম পরিচয় নিশ্চিত করেন বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন।

আটক পাঁচজন হলেন- শাহনাজ বেগম (২২), রিয়াজুল জান্নাত সুমাইয়া (১৮), নাহিদা সুলতানা (১৮), সামিরা আক্তার (১৮) ও তানিয়া আক্তার (১৯)।

আটক পাঁচজনই ইসলামী ছাত্রী সংস্থার ‘সক্রিয় কর্মী’ জানিয়ে ওসি সালাউদ্দিন বলেন, এদের মধ্যে সুমাইয়া ও তানিয়া চট্টগ্রাম কলেজের ছাত্রী। সুমাইয়ার বাড়ি বাঁশখালী উপজেলার নাপোড়া ও তানিয়া লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের বাসিন্দা।  

এর আগে দুপুরে উপজেলার পেতন শাহ দরগাহ সড়কের সমদ আলী বলির বাড়ির প্রবাসী আব্দুস সালামের ঘর থেকে তাদের আটক করার কথা জানায় পুলিশ।

তাদের কাছ থেকে উগ্র মতাদর্শের বইসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের কার্যক্রম তদন্ত করে দেখছি।”

বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলত প্রবাসী আব্দুস সালামের মেয়ে শাহনাজের মাধ্যমে বহিরাগত তরুণীরা ওই বাড়িতে আসে। শাহনাজকে বছর তিনেক আগে চকরিয়ার এক যুবকের সাথে বিয়ে দেওয়া হয়।

তবে স্বামী প্রবাসে থাকায় শাহনাজ বাবার বাড়িতে থাকতেন বলে জানান মুজিবর।

স্থানীয় সাংবাদিকরা জানান, বাড়িটিতে সোমবার ‘সহী শুদ্ধ আরবি শিক্ষা ও সাহসী দেশ প্রেমিক শীর্ষক মতবিনিময়’ সভার আয়োজন করা হয়েছিল। তার আগেই পুলিশ সে বাড়িতে অভিযান চালায়।

ওসি সালাউদ্দিন বলেন, শাহনাজের বাড়িতে আটকরা গোপন বৈঠক করছিল। বাড়িটিতে তারা দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রী সংস্থার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তবে তারা কি ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।