২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা না হলে দুর্নীতি দূর হবে না’

রাষ্ট্রের সবক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মত এসেছে চট্টগ্রামের এক সভা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 08:18 PM

Updated : 20 Aug 2022, 01:44 PM

রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ শীর্ষক মতবিনিময় সভায় এ মত দেন বক্তারা।

সনাক সভাপতি দেলোয়ার মজুমদার সভায় বলেন, বাংলাদেশে ‘অজ্ঞতাপ্রসূত’ দুর্নীতি অনেক বেশি। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্নীতিবিরোধী লড়াই জোরদার করতে হবে। এতে জনগণকে সামিল করতে হবে।

“দেশে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র অনুপস্থিত। এতে করে সরকারের কাছ থেকেও পুরোপুরি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে দুর্নীতি রোধ করা সম্ভব নয়।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরিণ আক্তার বলেন, “কারও যদি সৎ থাকার ইচ্ছা থাকে তাহলে কেউই তাকে অন্যায়ের দিকে ধাবিত করতে পারেনা, তিনি সৎ ভাবেই থাকতে পারবেন।”

টিআইবি দুর্নীতিবিরোধী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “কোনো ধরনের চোখ রাঙানি টিআইবির কাজকে দমাতে পারেনি, বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে টিআইবি বাংলাদেশে যে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করছে।”

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি ব্যবস্থাপক আবুল কালাম মো. রেজাউল কবির। বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, সনাক সদস্য অধ্যাপকডা. সুলতান উল আলম, অধ্যক্ষ তহুরীন সবুর, রওশন আরা চৌধুরী প্রমুখ।