চট্টগ্রাম ওয়াসায় আন্দোলনকারীদের উপর হামলা
দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত চট্টগ্রাম ওয়াসার তৃতীয় শ্রেণির কর্মচারীদের উপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার আগ্রাবাদে ওয়াসার মুডি-১ অফিসে পূর্বঘোষিত কর্মসূচি পালনের আগে এ হামলায় তিনজন আহত হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম।
হামলায় আহতরা হলেন- চট্টগ্রাম ওয়াসার কার্য সহকারী রেদওয়ানুল হোসেন দুলাল, মো. আজিম ও মো. আকবর।
আন্দোলরত সহকারী পাম্প অপারেটর এহছান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত্রিকালিন ভাতা পাঁচ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা, মৃত্যুর পর বীমার টাকা তিন লাখ প্রদান করা ও সিবিএ’র নির্বাচনের দাবিতে এমপ্লয়িজ ইউনিয়ন আন্দোলন করে আসছে।
“আজকে সকালে আমাদের কর্মসূচির শুরুর আগে বহিরাগতদের নিয়ে ওয়াসার আরেকটি সংগঠনের নেতারা আমাদের উপর হামলা চালায়।”
আন্দোলনরত সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা রুহুল আমিন ফজলুল কাদের ও মাহবুবুর রহমান রনির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়।”
হামলার অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াসার কর্মচারীদের গণহারে বদলির প্রতিবাদের আমাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি ছিল।
“আমাদের জড়ো হওয়া লোকজনের উপর প্রথমে হামলা হয়। পরে শ্রমিকরা তাদের প্রতিরোধ করে।”
জানতে চাইলে ওয়াসার মুড-১ এর নির্বাহী প্রকৌশলী আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মিটিংয়ে আছি। মিছিল-মিটিং হচ্ছে বলে শুনেছি, তবে হামলার বিষয়ে কিছু জানি না।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ থেকে রেদওয়ানুল হক দুলাল নামের ওয়াসার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
