চট্টগ্রামে টিএসপি সার কারখানায় ধোঁয়া
চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত টিএসপি সার কারখানার একটি গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে, যেখানে অগ্নিকাণ্ড হয়েছে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানার রক ফসফেট এর গুদাম থেকে বিপুল পরিমাণ ধোঁয়া বের হতে দেখা যায়।
এরপর রাতেই কর্তৃপক্ষের পক্ষ থেকে ফায়ার সাভিসকে খবর দেওয়া হয় জানান পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা।
টিএসপি কারখানার ৩০০ ফুট দৈর্ঘ্যের ওই গুদামে রক ফসফেটের সঙ্গে সালফারও ছিল।
সেখানে এই সালফারের সঙ্গে রক ফসফেটের ঘর্ষণের ফলে আগুন লেগে ধোঁয়া বের হতে পারে মনে করছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তবে গুদামের বাইরে থেকে কোনো আগুন দেখা না গেলে শুধু ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে বন্দর, ইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পানি ছিটানোর কাজ করছে।
বিসিআইসি নিয়ন্ত্রণাধীন টিএসপি সার কারখানার গুদামে আগুন লাগার পর আশেপাশের এলাকার মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়।
রাত পৌনে ১টার দিকে ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ ওই গুদাম থেকে ধোঁয়া নির্গত হতে দেখেছেন বলে জানানোর প্রায় ঘণ্টাখানেক পর রাত দেড়টার দিকে ধোঁয়া নির্গমণ নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন।
