বিত্তশালীরা এখন মন্ত্রী-সাংসদ হচ্ছেন: মহিউদ্দিন
বিত্তশালীরা বর্তমানে দেশের মন্ত্রী ও সংসদ সদস্য হচ্ছেন মন্তব্য করে এই ‘ট্র্যাডিশন’ পাল্টে ফেলার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত কাজী ইনামুল হক দানুর মৃত্যুর্বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, কাজী ইনামুল হক দানু রাজনীতিকে ধারণ করেছেন অন্তর থেকেই। তিনি ধন সম্পদের পাহাড় গড়েন নি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।
“অথচ রাজনীতির মেজাজ এখন পাল্টে গেছে। যাদের অর্থবিত্ত আছে তারা এখন মন্ত্রী ও সাংসদ হচ্ছেন। এই ট্র্যাডিশনটা আমাদেরকেই পাল্টে ফেলতে হবে।”
বক্তব্য পরিবারের সদস্য ও আপনজনরা যাতে বিপথগামী না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান এই মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, “কোনো মুক্তিযোদ্ধা আওয়ামী পরিবারের সদস্য যদি জঙ্গি হয়, তাহলে সেই পরিবারের মুক্তিযোদ্ধা আওয়ামী পরিচয় আর থাকতে পারে না।”
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ইনামুল হক দানুর স্মৃতিচারণায় মহিউদ্দিন বলেন, কাজী ইনামুল হক দানু স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করে আমৃত্যু জেল-জুলুম নিপীড়ন সয়েও আদর্শ ও নীতি বিচ্যুত হননি।
“তিনি ঝুঁকি নিতে জানতেন। মৃত্যুভয়কে তুচ্ছ করে তিনি রাজনীতির বীর পুরুষে পরিণত হন। যে কোনো মহৎ ও ভালো কাজে আমাদের ঝুঁকি নিতে জানতে হবে।”
১৯৬৮ সালের নগরীর চকবাজারে সেসময়ের পূর্ব পাকিস্তানের গর্ভনর মোনায়েম খানকে উদ্দেশ্য করে জুতা ছুড়ে মেরে গ্রেপ্তার হন দানু।
মুক্তি পেয়ে ৬৯ এর গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনী প্রচারণা এবং একাত্তরে চট্টগ্রামে অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে গিয়ে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) তান্দুয়া ক্যাম্পে প্রশিক্ষণ নেন।
চট্টগ্রামে ফিরে একাধিক অভিযানে নেতৃত্ব দেওয়া দানু পরবর্তীতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন।
সেসময় নগর কমিটির সভাপতি ছিলেন মহিউদ্দিন। সাধারণ সম্পাদক থাকাকালেই দানু মারা যান। নগরীর চট্টেশ্বরী সড়কে বায়তুল মাল জামে মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবারের সভায় নগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, কাজী ইনামুল হক দানু ছিলেন নিলোর্ভ রাজনীতিক। তার মধ্যে কোনো কাপুরুষতা ছিল না।
“আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলি। আবার যারা দুর্বৃত্তপনা করছে তাদের যদি আশ্রয়-প্রশ্রয় ইন্ধন যোগাই, তাহলে রাজনীতি পরিশুদ্ধ হবে না। এটা স্ববিরোধিতার নামান্তর, এ প্রবণতা পরিহার করতে হবে।”
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চেজৗধুরী ও নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মশিউর রহমান চৌধুরী ও নোমান আল মাহমুদ।
নগর কমিটির সহ-সভাপতি সুনীল সরকার, শ্রমিক লীগ নেতা সফর আলী, মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শফিক আদনানসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।
