সিআইইউতে শিক্ষার্থীদের জন্য আসছে ‘কর্পোরেট আড্ডা’
শিক্ষার্থীদেরকে কর্পোরেট জগৎ সম্পর্কে জানানো ও তাদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘কর্পোরেট আড্ডা’র আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
বুধবার সিআইইউ’র জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল ইউসুফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ২৯ সেপ্টেম্বর থেকে এই মাসিক ‘কর্পোরেট আড্ডা’ শুরু হতে যাচ্ছে।
এতে বলা হয়, গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কর্পোরেট দুনিয়া সম্পর্কে আয়োজন করা এই আড্ডায় নিয়মিত অংশ নেবেন কর্পোরেট জগতের সফল ব্যক্তিরা।
সিআইইউ’র এ আয়োজনে সহযোগিতা করবে সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েল সিমেন্ট লিমিটেড।
২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘সিআইইউ-রয়েল সিমেন্ট কর্পোরেট টক: ভয়েস অফ এন এন্ট্রেপ্রিনিয়ার’ শীর্ষক প্রথম পর্ব।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম পর্বের অনুষ্ঠানে দেশের অন্যতম সফল উদ্যোক্তা শিল্পগোষ্ঠী বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসেইন উপস্থিত থাকবেন।
সিআইইউ ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. সৈয়দ মনজুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি কর্পোরেট জগতের সাথে তাদের যোগাযোগ বাড়াবে।
আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান রয়েল সিমেন্ট লিমিটেডের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সাল নাসির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানা মতে চট্টগ্রামে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।
“মূলত তরুণদের জন্য কিছু করার মানসেই সিআইইউ’র এই উদ্যোগে আমরা সম্পৃক্ত হয়েছিল। এর মাধ্যমে তরুণরা কর্পোরেট জগতের বাস্তবতা সম্পর্কে ধারণা লাভ করবে। যা তাদের কর্মজীবনে সহায়ক হবে।”
