২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আয়বর্ধক প্রকল্পের পথে মেয়র নাছির

দলীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মতোই চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে আয়বর্ধক প্রকল্পে আগ্রহী বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

নির্বাচিত হওয়ার এক বছর পর এসে কীভাবে আয়বর্ধক প্রকল্প নেওয়া যায় এবং এর জন্য স্থান নির্ধারণে ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন মেয়র।

মঙ্গলবার বর্তমান সিটি করপোরেশনের (সিসিসি) চতুর্দশ সাধারণ সভায় নাছির কাউন্সিলরদের উদ্দেশে বলেন, প্রতিটি ওয়ার্ডে জরিপ করে জমি নির্ধারণের মাধ্যমে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করতে হবে।

নগরীর প্রতিটি ওয়ার্ড কার্যালয় ভবনে কমিউনিটি সেন্টারসহ অন্য আয়বর্ধক প্রকল্প রাখারও নির্দেশ দেন মেয়র।

আয় বাড়াতে আগ্রহী মেয়র চলতি মাসেই বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে বিভিন্ন মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ‘ঘুষ’ না দেওয়ার সিসিসি কম বরাদ্দ পাচ্ছে বলে অভিযোগ করার পর এখন আয় বর্ধক প্রকল্পে আগ্রহী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা নাছির।

১৯৯৪ সাল থেকে টানা তিন বারের মেয়র মহিউদ্দিনও আয়বর্ধক প্রকল্পে উৎসাহী ছিলেন। সিসিসির অধীনে ওষুধ কারখানা, পানীয় জল, বৈদ্যুতিক বাতি কারখানা, বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেন তিনি।

এরপর ২০১০ সালে বিএনপির এম মনজুর আলম মেয়র নির্বাচিত হলে এসব প্রকল্পের অধিকাংশই একে একে বন্ধ হয়ে যায়।

২০১৫ সালের এপ্রিলে সিটি নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে আয়বর্ধক প্রকল্পের কথা বললেও এতদিন এ বিষয়ে তেমন আগ্রহ দেখাননি নাছির।

মহিউদ্দিনের আয়বর্ধক প্রকল্পগুলো বন্ধ করে দেওয়ায় তখন মনজুরের কড়া সমালোচনাও করেন নাছির।

নির্বাচিত হলে আবারও সিসিসির ওষুধ কারখানা চালুর ঘোষণা দেন নাছির। পাশাপাশি সিসিসির উদ্যোগে বাণিজ্যিক ভবন, কারখান ও ব্যবসা করে আয় বাড়ানোর প্রতিশ্রুতিও ছিল তার।

মহিউদ্দিন মেয়র থাকাকালে করপোরেশনের রুটিন কাজের বাইরে গিয়ে স্বাস্থ্য ও শিক্ষাখাতে বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।

মঙ্গলবারের সভায় সিসিসি’র শিক্ষা ও স্বাস্থ্য খাতের সফলতার চিত্র তুলে ধরে নাছির বলেন, শিক্ষাখাতে বছরে ৪২ কোটি টাকা এবং স্বাস্থ্যখাতে প্রায় ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে সেবা চালু রাখতে হচ্ছে।

নগর উন্নয়নে ২০১৬-১৭ সালের বাজেটকে সামনে রেখে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসব পরিকল্পনার মধ্যে আছে নতুন নগর ভবন নির্মাণ, ৫৫টি ওয়ার্ড কার্যালয় নির্মাণ, চারটি কসাইখানা স্থাপন, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, বাসস্থান নির্মাণ ও অ্যাপারেল জোন নির্মাণ।

এছাড়াও বহুমুখী প্রকল্পের মাধ্যমে আয় বাড়ানো, জাইকা মাধ্যমে প্রস্তাবিত ৫৮১ কোটি ৫৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, এডিবি’র প্রকল্প বাস্তবায়ন, কালভার্ট, ড্রেন ও প্রতিরোধ দেয়াল নির্মাণও পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাশাপাশি খাল খনন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় সড়ক বাতির পাইলট প্রকল্প বাস্তবায়নও পরিকল্পনায় আওতায় রয়েছে।

মেয়র নাছির বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ নগরীর সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

‘ডোর টু ডোর’ বর্জ্য সংগ্রহ প্রকল্পের আওতায় ৩১ ডিসেম্বরের মধ্যে নগরীর প্রতিটি বাসায়, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ময়লার ঝুড়ি পৌঁছে যাবে বলেও আশ্বাস দেন মেয়র।

নাছির বলেন, কাউন্সিলর ও পরিচ্ছন্ন বিভাগের দক্ষতা ও পরিশ্রমের কারণে কোরবানিতে দ্রুত বর্জ্য সংগ্রহে সিসিসি সফল হয়েছে।

প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও নগরীর ৪১টি ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কগুলো প্রশস্থ করা হবে বলে সাধারণ সভায় জানান তিনি।

সভায় সিসিসি পরিচালিত ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষকদের সম্মানী এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার সিদ্ধান্ত হয়।

পুরনো খবর:

জলাবদ্ধতার সমাধান পেতে অপেক্ষা করতে হবে: নাছির
ঘুষ না দেওয়ায় বরাদ্দ কমের অভিযোগ মেয়র নাছিরের
প্রমাণ দিতে মেয়র নাছিরকে মন্ত্রণালয়ের ৭ দিন
চিঠিতেই জবাব দেবেন নাছির
‘সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম’ বনাম ‘স্বপ্নের মেগাসিটি’