২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-শ্রীলঙ্কায় যাচ্ছে দুই যুদ্ধ জাহাজ

শুভেচ্ছা সফরে ভারত ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান ও সমুদ্র জয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 07:44 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

রোববার চট্টগ্রাম নৌ জেটিতে জাহাজ দুটিকে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনাল) রিয়ার এডমিরাল এম শাহিন ইকবাল ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব।

শুভেচ্ছা সফর হলেও এটা মূলত নৌবাহিনীতে যোগ দেওয়া নতুন কর্মকর্তা ও ক্যাডেটদের প্রশিক্ষণের অংশ বলে নৌ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ দুটি ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে অবস্থান করবে।

দুটি জাহাজে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ মোট ৫১১ জন রয়েছেন, যাদের ২৪ জন নারী কর্মকর্তা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সফরের মধ্য দিয়ে দুই ভ্রাতৃপ্রতীম দেশের সঙ্গে বাংলাদেশের নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে নৌবাহিনী।

সফর শেষে জাহাজ দুটি ৯ অক্টোবর দেশে ফিরবে।