গ্রাহকের সাড়ে ২১ লাখ টাকা আত্মসাৎ, পোস্ট মাস্টারের ৩ বছরের দণ্ড
গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এক পোস্ট মাস্টারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম খলিল দিদার উত্তর কাট্টলী টিএসও অফিস ডাকঘরের পোস্ট মাস্টার ছিলেন। মামলার পর থেকেই পলাতক আছেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত পোস্ট মাস্টারকে দণ্ডবিধির ৪০৯ ধারায় তিন বছরের ও ৪৭৭ (ক) ধারায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে দুটি ধারায় শাস্তি একসাথে চলবে।
কারাদণ্ডের পাশাপাশি আদালত আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
“আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে না পারলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।”
মামলার নথি জানা যায়, গ্রাহকদের জমা দেওয়া মোট ২১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০১২ সালের ডিসেম্বরে দিদারের বিরুদ্ধে পাহাড়তলী থানায় করা তিনটি মামলার তদন্ত করেন দুদকের উপ-সহকারী পরিচালক আবুল বাশার।
মামলার পরপরই পোস্ট মাস্টার দিদারকে চাকরি থেকে সাময়িক বরখান্ত করা হয়েছিল।
