চট্টগ্রামের ৮০% বর্জ্য অপসারিত: সিসিসি
চট্টগ্রাম নগরীতে ঘোষণা অনুযায়ী বিকাল ৪টার মধ্যে কোরবানির ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে সিটি করপোরেশন।
করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কিছু অলিগলিতে বর্জ্য অপসারণে শ্রমিকরা কাজ করছে, সন্ধ্যার মধ্যে সেসবও সরানো হবে।
রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনে ভবনে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে বৈঠকে মেয়র আ জ ম নাছির নগরীকে পরিচ্ছন্ন করতে ৪১টি ওয়ার্ডকে চোরটি জোনে ভাগ করার নির্দেশনা দেন।
নগরীর ১ থেকে ৮, ১৫, ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে উত্তর জোন, ২৩, ২৭ থেকে ৩০, ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে দক্ষিণ জোন, ১৭ থেকে ২২, ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে পূর্ব জোন এবং ৯ থেকে ১৪ ও ২৪ থেকে ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে পশ্চিম জোনে ভাগ করা হয়েছে।
করপোরেশনের বর্জ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, “আমরা ‘সাকসেস’। ঘোষিত সময়ের মধ্যেই নগরীর অধিকাংশ স্থানে আবর্জনা পরিষ্কার করা হয়েছে।”
এদিকে বিকালে নগরীর কিছু এলাকায় মূল সড়কের ডাস্টবিনগুলো পরিষ্কার থাকলেও কয়েকটি অলিগলির ডাস্টবিনে বর্জ্য দেখা গেছে।
কাউন্সিলর শৈবাল বলেন, “সকাল থেকে বর্জ্য অপসারণ শুরু হয়েছে। অনেক জায়গায় ডাস্টবিন পরিষ্কার করে আসার পর আবার বর্জ্য ফেলা হয়েছে। সেখানে আবার পরিষ্কার করা হচ্ছে।
বেলা চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত দুই হাজার শ্রমিক ও গাড়িগুলো রাত ১০টা পর্যন্ত রাস্তায় থাকবে বলে জানান তিনি।
