২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মতের ভিন্নতা, এক হলেন চট্টগ্রামের ঈদ জামাতে 

রাজনৈতিক মতপার্থক‌্য দূরে রেখে চট্টগ্রামে ঈদের নামাজ একসঙ্গে পড়লেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 10:41 AM

Updated : 11 Oct 2022, 08:43 PM

মঙ্গলবার কোরবানির ঈদের দিন চট্টগ্রামে প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদে।

প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী ও সোলায়মান আলম শেঠ এই জামাতে অংশ নেন।

সকাল পৌনে ৮টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেখানে। প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

একই সময়ে এমএ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে ১৬৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি তল্লাশিও করা হয়।

ঈদ জামাত শুরুর আগে থেকে আলমাস সিনেমা হল মোড় থেকে ওয়াসার মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

সকালে ঈদের নামাজ পড়ার পর পাড়া-মহল্লায় মানুষ কোরবানির পশু জবাই করতে শুরু করেছে।