২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাছান মাহমুদকে নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে গ্রেপ্তার

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট দিয়ে গ্রেপ্তার হয়েছেন এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 09:00 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

গ্রেপ্তার মো. বেলাল হোসেন (২৮) রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার নুরুল ইসলামের (নুরু মেম্বার) ছেলে। আওয়ামী লীগ নেতা হাছান এই এলাকারই সংসদ সদস‌্য।

‘কুরুচিপূর্ণ পোস্ট’ দেওয়ায় তথ‌্য প্রযুক্তি আইনে করা একটি মামলায় রোববার চন্দ্রঘোনা এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির।

তথ‌্য প্রযুক্তি আইনে এই মামলাটি করেছেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, যে আইনটি নিয়ে ব‌্যাপক বিতর্ক রয়েছে।

ওসি হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে বেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল।

“ড. হাছান মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় ঘটনায় দায়ের মামলায় বেলালকে গ্রেপ্তার করা হয়েছে।”

শিমুল গুপ্তের মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে বলে হুমায়ুন কবির জানান।