চট্টগ্রামে প্রধান ঈদ জামাত পৌনে ৮টায়
বরাবরের মতো চট্টগ্রামে প্রধান ঈদ জামাত জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টায় তা অনুষ্ঠিত হবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সকাল পৌনে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রথম ও প্রধান ঈদ জামাতের ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। দ্বিতীয় জামাতের ইমামতির দায়িত্বে থাকবেন একই মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, লালদিঘী সিটি করপোরেশন জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়।
জালালাবাদ আরেফিন নগর কবরস্থান জামে মসজিদে ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে মাঠের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
