চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙর থেকে তিন লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানিয়ে কোস্ট গার্ড বলেছে, এসব মাদকের মূল্য প্রায় ১৯ কোটি টাকা।
শুক্রবার গভীররাতে মায়ানমার থেকে আসা একটি নৌকায় এসব ইয়াবা পাওয়া যায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার এম নুরুজ্জামান শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মায়ানমার থেকে ইয়াবাভর্তি একটি নৌকা খালাসের অপেক্ষায় বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে- এমন সংবাদে অভিযান চালায় তাদের একটি দল।
“বহির্নোঙরে সন্দেহজনক ওই বোটটিকে থামার সংকেত দিলে সেটি তীরের দিকে চলে যায়। এক পর্যায়ে তীরে গিয়ে বস্তা নিয়ে পালানোর সময় কোস্ট গার্ড সদস্যদের ধাওয়ায় বস্তা ফেলে পালিয়ে যায় ইয়াবা ব্যবসায়ীরা।”
পরে কোস্ট গার্ডের দলটি বস্তাগুলো থেকে তিন লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১৯ কোটি টাকা।
