জমে উঠছে চট্টগ্রাম নগরীর পশুর হাট
চট্টগ্রাম নগরীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট।
ঈদকে সামনে রেখে গত মঙ্গলবার থেকে নগরীতে বেশ কয়েকটি গরুর হাট বসলেও শুক্রবার সকাল থেকেই মূলত বাড়তে শুরু করেছে ক্রেতাদের আনাগোনা।
তবে হাটে ভিড় বাড়লেও এখনও দামের সঙ্গে মিলিয়ে জুতসই পশু দেখার মধ্যেই আছেন ক্রেতারা। আগামী তিন দিনে বিক্রি বাড়বে বলে আশা বেপারিদের।
শুক্রবার নগরীর স্থায়ী গরুর বাজার বিবিরহাট বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতারা গরুর দরদাম করলেও কিনছেন না। এবছর বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর দিকে নজর বেশি ক্রেতাদের।
কুমিল্লা থেকে গরু নিয়ে চট্টগ্রামে আসা বেপারি আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বুধবার ২৮টি গরু নিয়ে চট্টগ্রাম এসেছেন। গত দুইদিন ধরে ক্রেতা কম থাকলেও শুক্রবার ক্রেতার পরিমাণ বেড়েছে।
“ক্রেতা আসলেও তারা এখনও দেখাদেখির মধ্যেই আছেন,” বলেন তিনি। ।
গত মঙ্গলবার থেকে গরু নিয়ে বিবিরহাটে আসছেন বিক্রেতারা
বিবিরহাট জমে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের আনা-গোনায়
বিবিরহাটে গরু কিনতে আসা মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য বছরের তুলনায় এবছর গরুর দাম অনেক বেশি। তাই পছন্দ হলেও গরু কিনতে পারিনি।
তবে আরও তিনদিন হাতে সময় থাকায় গরুর দাম কমতে পারে বলে আশা এ ক্রেতার।
আনিছুর রহমান নামে এক ক্রেতার অভিযোগ, বেশি লাভের আশায় বেপারিরা গরু ছাড়ছেন না। তাই গরু দেখলেও কিনতে পারছি না।
বড় গরুর দাম বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও ছোট গরু দর করতে হচ্ছে বলে জানান হাটে আসা ক্রেতারা।
সাতকানিয়া উপজেলা থেকে গরু বিক্রি করতে আসা মো. সালাউদ্দিন নামে এক বিক্রেতা বলেন, “বাজারে বড় গরু থাকলেও এবছর ছোট গরুর কথাই ভাবছি। ”
পরিচিত ক্রেতাদের মধ্যেও ছোট গরুর দিকে বেশি আগ্রহ দেখেছেন বলে জানান তিনি।
বিবিরহাট গরুর হাটের ইজারাদার মনিরুল হাছান রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের কয়েকদিনের তুলনায় শুক্রবার ক্রেতাদের আনাগোনা বেড়েছে, বাড়ছে বিক্রিও।
পাশাপাশি শুক্রবার থেকে বাজারে গরু আসতে শুরু করেছে বলেও জানান তিনি।
ক্রেতা-বিক্রেতাদের আনা-গোনায় জমে উঠেছে গরুর বাজার বিবিরহাট
ক্রেতা-বিক্রেতাদের আনা-গোনায় জমে উঠেছে গরুর বাজার বিবিরহাট
“তবে শুক্রবার সকাল থেকে হাটে অনেক গরু এসেছে। পাশাপাশি ক্রেতাদের ভিড়ও বেড়েছে।”
বিক্রেতা ও হাট ইজারাদাররা মনে করেন শহরের বাসিন্দাদের পশু রাখতে অসুবিধার কারণে অনেকে এখনও গরু দেখলেও কিনছেন না। ঈদের দু-একদিন আগে বিক্রি বাড়বে।
নগরীর বাজারগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকার ধরতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা করতে বাজারগুলোতে ভেটেরিনারি টিমও রাখা হয়েছে।
