২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচল না শজারুটি

খাবারের সন্ধানে লোকালয়ে এসে মানুষের নির্মমতার শিকার শজারুটি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 06:35 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

শুক্রবার সকালে শজারুটির মৃত‌্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মারধরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শজারুটি মারা গেছে।”

শজারুটি খাবারের সন্ধানে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে চলে আসে। স্থানীয় কয়েকজন সেটিকে পিটিয়ে আহত করে নগরীতে বিক্রি করতে নিয়ে আসে।

নগরীর নন্দনকানন এলাকার বৌদ্ধমন্দির মোড়ে বিক্রির চেষ্টাকালে শজারুটিকে উদ্ধার করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্র সাংবাদিক সুমন বাবু। তারপর সেটিকে পাঠানো হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়।

প্রাণীটিকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল জানিয়ে চিকিৎসক শুভ বলেন, “লোকজন শজারুটিকে মেরে গায়ের কাঁটা তুলে ফেলেছিল। তার গলায়ও গভীর ক্ষত হয়েছিল।”

মারধরে শজারুটির একটি পাও ভেঙে যায় বলে জানান তিনি।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মঞ্জুর মোর্শেদ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সংখ‌্যায় কমে এলেও চট্টগ্রামের সীতাকুণ্ড ও আশেপাশে এখনো এ ধরনের শজারু দেখা যায়।

চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা পাঁচটি শজারুর সবকটিই সীতাকুণ্ড ও আশপাশের এলাকায় পাওয়া গিয়েছিল বলেও জানান তিনি।