জঙ্গল থেকে লোকালয়ে, ঠাঁই চিড়িয়াখানায়
খাবারের সন্ধানে লোকালয়ে এসে নির্মমতার শিকার হয়েছে বিরল প্রজাতির এক সজারু।
বৃহস্পতিবার সন্ধ্যায় সজারুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার কিছু তরুণ সজারুটিকে পিটিয়ে রক্তাক্ত করে বিক্রির জন্য নগরীতে নিয়ে আসে।
নগরীর নন্দনকানন এলাকার বৌদ্ধমন্দির মোড়ে বিক্রির চেষ্টাকালে সজারুটিকে উদ্ধার করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্র সাংবাদিক সুমন বাবু।
সুমন বাবু জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুই তরুণ সজারুটিকে পিটিয়ে আহত করে নগরীতে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে।
“প্রথমে তারা ফিরিঙ্গিবাজার নিয়ে যায় বিক্রির জন্য। ওখানকার কিছু মানুষের পরামর্শে তারা সজারুটিকে নন্দনকানন এলাকার বৌদ্ধমন্দির মোড়ে নিয়ে আসে।”
তিনি বলেন, “অফিস যাওয়ার পথে দেখি মানুষের জটলা। কাছে গিয়ে দেখলাম সজারু। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে ওই দুই তরুণ।”
পরে স্থানীয়দের সহযোগিতায় সজারুটিকে চিড়িয়াখনায় পাঠানো হয়েছে বলে জানান সুমন বাবু।
“আট-দশ বছর বয়সী সজারুটির গলায় ও পিঠে গভীর ক্ষত রয়েছে। এটিকে আগামী চব্বিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
জঙ্গল সংকুচিত হতে থাকায় খাবারের অভাবে এটি লোকালয়ে এসেছে বলে ধারণা চট্টগ্রাম চিড়িয়াখানার এ কর্মকর্তার।
মঞ্জুর মোর্শেদ জানান, নির্মমতার শিকার হয়ে পরবর্তীতে কিছু মানুষের সহযোগিতায় এরকম আরও পাঁচটি সজারুর ঠাই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা।
বিরল প্রজাতির প্রাণী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন এই চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর।
