২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় স্বস্তি দিতে সব ধরনের চেষ্টা হচ্ছে: কাদের

ঈদ যাত্রায় মহাসড়কে যাত্রীদের স্বস্তি দিতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 09:01 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সিটি গেইটে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের বাড়িফেরা নির্বিঘ্ন করা বড় চ্যালেঞ্জ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এসময় রাস্তার পাশে পশুর হাট থাকে, পাশাপাশি চলে পশুবাহী গাড়িও। এসব গাড়ি ধীরগতিতে চলার কারণে যানজট সৃষ্টি হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট হওয়ার কারণ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, এবারে রাস্তা কোনো সমস্যা করবে না। মেঘনা, গোমতী ও কাঁচপুর ব্রিজের কাজ দ্রুত এগিয়ে চলছে। চার লেইন সড়ক থেকে দুই লেইনের ব্রিজে পড়লে তো সমস্যা হবে।

যানজটের কারণ হিসেবে শৃঙ্খলা না মানাকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, রাস্তা ভালো থাকলেও বেপরোয়া ড্রাইভিং হলে সমস্যা হবেই।

সবমিলিয়ে যাত্রীদের যতটা স্বস্তি দেওয়া যায় তার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পশুবাহী গাড়ি নিয়ন্ত্রণ এবং রাস্তার যানজট রোধে ১৬ থেকে ২০টি পয়েন্টে রোভার স্কাউটরা কাজ করবে।

ভিডিও কনফারেন্সে টানেলের ভিত্তি

আগামী অক্টোবরেই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন হবে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চীনের রাষ্ট্রপতি বাংলাদেশে আসছেন। ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে তিনি আসবেন।

“ওই সময়ে চীনের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে নির্মাণ কাজের উদ্বোধন করবেন।”

মন্ত্রী বলেন, “চীনের প্রেসিডেন্টের টাইট শিডিউল। সম্ভবত ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের শুভ সূচনা হতে পারে।”

জি টু জি ভিত্তিতে টানেলের নির্মাণ হবে জানিয়ে তিনি বলেন, সাড়ে আট হাজার কোটি টাকার মধ্যে ছয় হাজার কোটি টাকা চীন সরকার দেবে। ২০১৯ সালের অক্টোবরের মধ্যেই টানেল নির্মাণ শেষ হবে।

টানেল নির্মাণ করতে গিয়ে কোনো সমস্যা যাতে না হয় এজন্য সবপক্ষের সাথে সভা করা হয়েছে বলেও জানান তিনি।