কলেজে ঢুকতে বাধা, অধ্যক্ষকে ছাত্রদলের হুমকি
প্রবেশে বাধা দেওয়ায় ছাত্রদলের কর্মীদের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন চট্টগ্রামের হাটহাজারী কলেজ অধ্যক্ষ।
ক্ষুব্ধ ছাত্রদলের কর্মীরা অধ্যক্ষ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা ছাড়াও কলেজের এক পিয়নকে মারধরও করে বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে ছাত্রদলের ২০-২৫ জন কর্মী ঢুকতে গেলে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
কলেজের মূল প্রবেশপথ দিয়ে পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের ঢোকানো হচ্ছিল। সে সময় বিএনপি নেতা ওয়াদুল আলমের অনুসারী ছাত্রদলের কর্মীরা শিবলু নামে একজনের নেতৃত্বে ঢোকার চেষ্টা করে।
এ সময় অধ্যক্ষ মীর কফিল উদ্দিন কর্মচারীদের সঙ্গে নিয়ে বাধা দিলে ছাত্রদলের কর্মীরা তার সঙ্গে অশোভন আচরন করে।
অধ্যক্ষ মীর কফিল বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, “তারা আমার দিকে আঙুল উঁচিয়ে কথা বলে এবং দেখে নেয়ার হুমকি দেয়। তারা আমার কক্ষ লক্ষ্য করে ইটপাটকেল ও কাদা নিক্ষেপ করে। ”
ছাত্রদল কর্মীদের মারধরে কলেজের পিয়ন আবদুল ওয়াহেদ আহত হয়েছেন বলেও জানান তিনি।
বিষয়টি থানায় জানানো হবে বলে জানান অধ্যক্ষ।
তবে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ছাত্রদলের একটি পক্ষের কর্মীরা কলেজে ঢুকে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পালিয়ে যায়।
