২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাস্থ‌্যকর পরিবেশে শুঁটকি তৈরি, ৪ প্রতিষ্ঠানের জেল-জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি প্রক্রিয়াজাত ও ক্ষতিকর রং মেশানোর অপরাধে চার প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও চারজনকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

মঙ্গলবার নগরীর বাকলিয়া থানার আসাদগঞ্জ শুঁটকিপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় হাজার কেজি শুঁটকি ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার আউলিয়া ট্রেডার্স, মেসার্স হাশেম সওদাগর, মেসার্স সুনীল কান্তি বড়ুয়া ট্রেডার্সকে ৮০ হাজার টাকা করে ও শাহী ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

“পাশাপাশি বার আউলিয়া ট্রেডার্সের রিপন বড়ুয়া, মেসার্স হাশেম সওদাগরের মো. হারুণ, মেসার্স সুনীল কান্তি বড়ুয়া ট্রেডার্সের সুব্রত বড়ুয়া ও শাহী ট্রেডার্সের হেলাল উদ্দিনকে আট মাস করে জেল দেয়া হয়।”

ম্যাজিস্ট্রেট আরাফাত বলেন, শুঁটকিপল্লীতে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি প্রক্রিয়াজাত ও মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং মেশানোর অপরাধে জেল-জরিমানা করা হয়।