বন্দরনগরীতে যানজট: ট্রাফিক দুর্বলতাকে দুষলেন চট্টগ্রামের ডিসি
বন্দর নগরীতে যানজটের জন্য ট্রাফিক বিভাগের দুর্বলতাকে দায়ী করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
সোমবার নগরীতে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি বলেন, “যানজট ও জলাবদ্ধতা চট্টগ্রামের বড় সমস্যা। বিমান বন্দর থেকে সার্কিট হাউজ আসতে দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায়।
“চট্টগ্রামের ট্রাফিক বিভাগের দুর্বলতার কারণে এখন পুরো শহর জুড়েই যেন যানজট।”
চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘বন্দর-পতেঙ্গা এলাকার যানজট ও জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এতে বন্দর নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় গতি আনতে ট্রাফিক পুলিশ, পরিবহন শ্রমিক ও মালিকদের সমন্বয়ের পাশাপাশি ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, “মূল সড়কের পাশে কন্টেইনার ডিপো, বাস স্ট্যান্ড, বাজার, দোকানপাট বসিয়ে রাস্তা দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
“যানজট ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা পালন করতে পারে বিশেষ করে সিডিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, বন্দর, পানি উন্নয়ন বোর্ড ও ওয়াসা। তাদের মাঝে সুষ্ঠু সমন্বয়ের অভাব রয়েছে।”
যানজটের জন্য বেহাল রাস্তাঘাট, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং প্রতিনিয়ত রাস্তা খোঁড়াখুঁড়িকে দায়ী করেন জেলা প্রশাসক।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীতে যানজট প্রকট আকার ধারণ করেছে।
বিমান বন্দর সড়কে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড), কর্ণফুলী ইপিজেডসহ বিভিন্ন শিল্প-কারখানা রয়েছে। প্রতিদিন সকাল ও বিকালে অফিস শুরু ও ছুটির সময়ে এই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পাশাপাশি নির্মাণাধীন লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার, স্কুল-কলেজের আধিক্য থাকায় জামালখান-জাকির হোসেন সড়ক এবং চিকিৎসা কেন্দ্রের আধিক্যের কারণে প্রবর্তক-চকবাজার-মেহেদীবাগ এলাকায় যানজট নিত্য দিনের ঘটনা।
এছাড়া চাক্তাই-খাতুনগঞ্জ, বহদ্দারহাট মোড়, ২ নম্বর গেট, জিইসি মোড়, মুরাদপুর, জাকির হোসেন সড়কসহ বিভিন্ন এলাকায় সকাল-সন্ধ্যা যানজট সৃষ্টি হচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নির্ধারিত সময়ে বিমানবন্দর বা বাস কাউন্টারেও পৌঁছাতে পারছেন না যাত্রীরা।
সোমবারের অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বৃষ্টি হলেই চট্টগ্রাম ডুবে যাচ্ছে। অধিকাংশ খাল-নালা অবৈধ দখলে থাকায় এবং ভরাট হওয়ায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে।
“মহেশ খালে বাঁধ দেওয়া যে জনগণের কল্যাণে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন সেটা অনুধাবন করতে পারছে।”
সংলাপে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, যানজট ও জলাবদ্ধতার মূলে অপরিকল্পিত উন্নয়ন। উন্নয়নের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে কোনো পরিকল্পনা বিভাগ নেই। তাই যখন যা দরকার তখন তাই হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই।
সাংবাদিক এম নাসিরুল হক বলেন, ১৯৬৮ সালে চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠিত হলেও এখনও নগরীর ১৩-১৪ টি ওয়ার্ডে পানি সরবরাহ করতে পারেনি। কিন্তু জলাবদ্ধতায় নগরী তলিয়ে যায়।
টিআইবি সনাক চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, খাল-নালা পুনরুদ্ধার করা গেলে জলাবদ্ধতার সমস্যা ৭০ শতাংশ সমাধান সম্ভব।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসাইন বলেন, সামগ্রিক বিষয় চিন্তা না করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে জনগণ তার সুফল পায় না।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ভুঁইয়া নজরুল। সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
আলোচক ছিলেন গণফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক জানে আলম, পরিবেশবিদ অধ্যাপক ইদ্রিস আলী, ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, বন্দর-পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক হাজী ইকবাল আলী আকবর।
