২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা চোরাচালানের দায়ে যাবজ্জীবন

১৭ কেজি সোনা চোরাচালানের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার মহানগর দায়রা জজ মো. শাহে নূর চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরের প্রয়াত আবুল বাশারের ছেলে মো. সরওয়ারকে (৪২) এ দণ্ড দেন বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩৮টি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় সরওয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

“পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ জুন দুবাই থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন সরওয়ার। তবে তিনি বিমানবন্দরেই ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে শুল্ক গোয়েন্দারা ব্যাগটি তল্লাশি করে ১৩৮টি সোনার বার উদ্ধার করেন, যার ওজন ছিল ১৬ দশমিক ৯ কেজি এবং মূল্য প্রায় আট কোটি টাকা।

ঘটনার দিনই শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র জমা দেয় এবং অভিযোগ গঠন হয় ২০১৫ সালের ১৪ অক্টোবর।

ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় দিয়েছে আদালত।