আটকের ১৯ দিন পর ট্রাকে মিলল কোটি টাকার হেরোইন
ছয় হাজার বোতল ফেনসিডিলসহ ১৯ দিন আগে আটক করা ট্রাক থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ।
সোমবার বিকালে বন্দর থানা পুলিশ ট্রাকটি থেকে কোটি টাকা মূল্যের এসব হেরোইন উদ্ধার করে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধান বোঝাই ট্রাকটিতে ফেনসিডিল বহনের সময় গত ১৮ অগাস্ট সল্টগোলা ক্রসিং থেকে আটক করে র্যাব।
এরপর থেকে ট্রাকটি বন্দর থানার দক্ষিণ হালিশহর পুলিশ ফাঁড়িতে ছিল।
বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, ট্রাকটি আটকের ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলাও হয়েছিল।
“সকালে এক ব্যক্তি টেলিফোনে আমাদেরকে জানান, ট্রাকে হেরোইন আছে।
“পরে ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা হেরোইনগুলো উদ্ধার করা হয়।”
উদ্ধার হেরোইনের বাজার মূল্য এক কোটি টাকার বেশি বলে জানান ওসি মহিউদ্দিন।
